নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় থেকে দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় নিলেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. ছামছুর রহমান। দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও ভালোবাসার কারণে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে তিনি ছিলেন বিদ্যালয়ের একজন আপনজন—একজন ‘সুপার হিরো’।
তাঁর বিদায় উপলক্ষে বিদ্যালয়ে আয়োজন করা হয় আবেগঘন বিদায়ী সংবর্ধনা। এ সময় প্রিয় ছামছুর রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। ভালোবাসা ও শ্রদ্ধায় ভরা এ সংবর্ধনায় শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দীর্ঘদিনের স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে প্রভিডেন্ট ফান্ড থেকে ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
এদিকে, প্রিয় ছামছুর রহমানকে বিদায়ী শুভেচ্ছা জানাতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও বিভিন্ন উপহার নিয়ে এগিয়ে আসেন। শিক্ষার্থীদের ভালোবাসায় পাওয়া এসব উপহার ও শুভেচ্ছা বিদায়ী অনুষ্ঠানকে আরও আবেগঘন করে তোলে।
অনুষ্ঠানে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ছামছুর রহমান বিদ্যালয়ের দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেছেন। তাঁর সহজ-সরল আচরণ ও সবার প্রতি আন্তরিকতা তাঁকে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে অত্যন্ত আপন করে তুলেছে।
বিদায়ী অনুষ্ঠানে তাঁর সুস্বাস্থ্য, সুখ ও শান্তিময় অবসর জীবন কামনা করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীরা।
দীর্ঘদিনের কর্মস্থল থেকে বিদায় নিলেও বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের হৃদয়ে ভালোবাসা ও স্মৃতির পাতায় ‘সুপার হিরো’ হয়েই থাকবেন ছামছুর রহমান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
