“সমরে ও শান্তিতে রাখিব সুস্থ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকায় গর্ভবতী নারী, প্রসূতি মা ও নবজাতকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ৬৯ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের গর্ভাবস্থায় ঝুঁকি ও বিপদচিহ্ন শনাক্তকরণ, প্রসবকালীন প্রাথমিক সহায়তা, নবজাতকের পরিচর্যা, বুকের দুধ খাওয়ানো, টিকাদান, সিপিআর, ক্যানুলা প্রয়োগ, পরিবার পরিকল্পনা এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের সিভিল সার্জন ডা.মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরফরাজসহ সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার ভৌগোলিক বাস্তবতার কারণে অনেক সময় জরুরি স্বাস্থ্যসেবা দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয় না। এ অবস্থায় স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত জনবল তৈরি করা গেলে প্রত্যন্ত এলাকার মা ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজ হবে।
তারা আরও বলেন, বিশেষ করে প্রসবকালীন জটিলতা কিংবা নবজাতকের জরুরি স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রে দ্রুত বিপদচিহ্ন শনাক্ত করে প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা প্রদান এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত রেফার করার ক্ষেত্রে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেনাবাহিনীর এ উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকার মা ও শিশুর স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
