রাঙ্গামাটি শহর থেকে মানিকছড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। রবিবার (১৬ আগষ্ট) দুপুরে সড়কের বর্তমান অবস্থা, ঝুঁকিপূর্ণ বাঁক, ভাঙন ও দুর্ঘটনা প্রবণ এলাকাগুলো সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
পরিদর্শনকালে এসময় সাথে ছিলেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সওজ রাঙামাটি এর উপ-প্রকৌশলী রনেল চাকমা।
পরিদর্শনকালে সড়কের যেসব স্থানে যানবাহন চলাচলে ঝুঁকি রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে দ্রুত সংস্কার, সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক কাজ করার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য।
দীপেন দেওয়ান এমপি বলেন, রাঙ্গামাটি শহর থেকে মানিকছড়ি পর্যন্ত সড়কটি স্থানীয় জনগণের পাশাপাশি প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। ফলে সড়কের কোনো অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলে তা জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। জনগণের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, শুধু সাময়িক সংস্কার নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সড়কের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে পাহাড়ি এলাকার ভূপ্রকৃতি বিবেচনায় নিয়ে সড়কের ঢাল, বাঁক ও পার্শ্ববর্তী মাটি ক্ষয়রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে দিকনিদের্শনা প্রদান করেন।
এ সময় স্থানীয়রা সড়কের বিভিন্ন সমস্যা ও ঝুঁকির বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। পরিদর্শনের মাধ্যমে চিহ্নিত সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করে তিনি।
সংশ্লিষ্টদের মতে, রাঙ্গামাটি শহর-মানিকছড়ি সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত সংস্কার ও নিরাপদ করা গেলে এই পথে চলাচলকারী মানুষের নিরাপত্তা বাড়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও আরও স্বাভাবিক ও কার্যকর হবে বলে আশাব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
