রাঙ্গামাটিতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) পল্টন পরিদর্শন করেছেন রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি।
রোববার (১৬ আগষ্ট) দুপুরে তিনি পল্টন পরিদর্শনকালে কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছ পরিবহন, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিএফডিসির পল্টনের কার্যক্রম ও বিদ্যমান বিভিন্ন বিষয় সম্পর্কে সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপিকে অবহিত করেন।
পরিদর্শনকালে দীপেন দেওয়ান কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলেদের স্বার্থ রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, কাপ্তাই হ্রদ রাঙ্গামাটির অর্থনীতি ও জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। এ হ্রদের মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গমাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মোঃ ফয়েজ আল করিম, রাঙ্গাামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কবির হোসেনসহ বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
