ঢাকা, ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ঘিরে নানা আয়োজন, পোনা অবমুক্ত ও তিন দিনব্যাপী মৎস্য মেলা

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(১ ঘন্টা আগে) ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ৮:২৬ অপরাহ্ন

banglahour

 

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ১৬ থেকে ১৮ আগস্ট তিন দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে এবারের মৎস্য সপ্তাহ।


রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সকাল পৌনে ১২টায় উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় উদ্বোধনী ও আলোচনা সভা। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য নির্বাচিত মৎস্যচাষিদের পুরস্কৃত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, মাছ দেশের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাতকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। তিনি বলেন, মুক্তাগাছার মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে। মৎস্যচাষিদের আধুনিক পদ্ধতি অনুসরণের পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


মুক্তাগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহাম্মেদ বলেন, দেশের মৎস্যসম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। তিনি কর্মসূচিতে উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও ফিস হ্যাচারি অ্যান্ড ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে তিন দিনব্যাপী মৎস্য পোনা ও বড় মাছের মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং মৎস্যচাষিদের সঙ্গে কথা বলেন।
তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক সভা হবে। দুপুর ১২টায় সাধারণ মানুষের জন্য প্রাণিজাত খাদ্যপণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তাগাছা থানা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ও মতিউর রহমান খোকন এবং মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামসহ উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।


তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে মুক্তাগাছায় মৎস্যসম্পদের উৎপাদন ও সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় মৎস্যচাষিদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম