সিলেট নগরের রায়নগরে সংঘটিত আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রকৃত রহস্য উদঘাটন, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, তদন্তের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত এবং জড়িতদের আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
রোববার দুপুরে নগরের মিতালি আবাসিক এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আব্দুস সাত্তারের ছেলে আরিফ ইফতেখার। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রত্যাশা করছেন, যাতে প্রকৃত অপরাধীরা শনাক্ত হয়ে বিচারের মুখোমুখি হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পুলিশ কর্তৃক পরিচালিত তদন্ত সন্তোষজনক না হলে মামলাটি উচ্চতর তদন্তের স্বার্থে সিআইডি বা অন্য কোনো সক্ষম তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা উচিত।
এ সময় নিহত আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা তাহমিনার ছবি কোনো সংবাদমাধ্যম, অনলাইন পোর্টাল, ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান তিনি।
আরিফ ইফতেখার নিহত তিনজনের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও সুষ্ঠুভাবে তদন্ত সম্পন্ন করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিহত আব্দুস সাত্তারের তিন মেয়ে তাহমিনা, সেলিনা ও তারানা। তারা বলেন, সত্য কখনো চাপা পড়ে থাকে না। একসময় প্রকৃত ঘটনা প্রকাশিত হবেই এবং তারা ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী।
উল্লেখ্য, রায়নগরের এই ট্রিপল মার্ডার ঘটনা সিলেটজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
