খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ’র মাস্টারপ্ল্যান কেবল একটি কাগজের দলিল নয়; এটি আগামী প্রজন্মের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরায়ন নিশ্চিত করার অঙ্গীকার। তিনি বলেন, সবার সহযোগিতা ও সচেতনতা ছাড়া এ পরিকল্পনার সফল বাস্তবায়ন সম্ভব নয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় যশোরের অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌরসভার জনসাধারণের সঙ্গে কেডিএ’র সেবা এবং মাস্টারপ্ল্যান বিষয়ে অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেডিএ চেয়ারম্যান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সমগ্র বাংলাদেশকে একটি মাস্টারপ্ল্যানের আওতায় এনে পরিকল্পিত উন্নয়ন করতে চান। মেগাপ্রকল্পের নামে লুটপাট, অনিয়ম ও দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে টেকসই ও জনকল্যাণমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, কেডিএ’র মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মূল লক্ষ্য হলো জলাশয় ও কৃষিজমি সংরক্ষণ, শিল্প ও আবাসিক এলাকার সুস্পষ্ট সীমানা নির্ধারণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আঞ্চলিক সড়ক উন্নয়ন ও যানজটমুক্ত নগরায়ন নিশ্চিত করা।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, নওয়াপাড়া পৌরসভা বিএনপির সভাপতি আবু নাঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু এবং নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মোল্লা।
এছাড়া বক্তব্য দেন কেডিএ’র সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ ও প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো. সাবিরুল আলম। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেডিএ’র পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী টাউন প্ল্যানার রাকিবুল হাসান।
উন্মুক্ত আলোচনা পর্বে অভয়নগর ও নওয়াপাড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে কেডিএ’র সেবা ও মাস্টারপ্ল্যান বাস্তবায়ন বিষয়ে তাদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
