ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছর করে কারাদণ্ড নারী আসামির ৮ বছর

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(২ মাস আগে) ১৯ আগস্ট ২০২৬, বুধবার, ৮:২০ অপরাহ্ন

banglahour

  

কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)–এর দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় খালেদা আক্তার রানী নামে এক নারী আসামিকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (স্পেশাল ট্রাইব্যুনাল-৬) আদালতের বিচারক খাইরুননেছা এ রায় ঘোষণা করেন।

২০ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-মো. মোস্তাফিজুর রহমান ওরফে মিন্টু, ওরফে সামাদ, ওরফে রাজীব এবং মোহাম্মদ দুরুল হুদা ওরফে হাসান। মোস্তাফিজুর রহমানের বাবার নাম আয়নাল হক ওরফে রুহুল কুদ্দুস মাস্টার। তাঁর বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার কলমিডাঙ্গা গ্রামে। অপর আসামি দুরুল হুদার বাবার নাম মো. আলী হোসেন। তাঁর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নম্বর চকপাড়া এলাকায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমান তৎকালীন রিমান্ডে থাকাকালে দেওয়া তথ্যের ভিত্তিতে ২০০৬ সালের ১৩ মার্চ কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধারসহ মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।

মামলার বিচারকাজে বিভিন্ন সময়ে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এ ছাড়া আসামিদের জবানবন্দি, জব্দ তালিকা, বোমা তৈরির সরঞ্জাম এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধারের বিষয় আদালতে উপস্থাপন করা হয়।

আদালত এসব সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে তিন আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা দেন।

রায় ঘোষণার পর আদালতের সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম