ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ পারাবত-১৮ থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক ১২ বছর বয়সী কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ১৯ আগস্ট ২০২৬ তারিখ রাত ১২টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, কিশোরীটি তার মা ও ছোট বোনের সঙ্গে লঞ্চে করে গ্রামের বাড়ি ভোলায় যাচ্ছিল। পরিবারের দাবি, মেয়েটি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল এবং চিকিৎসার উদ্দেশ্যে তাকে এক হুজুরের কাছে নেওয়া হচ্ছিল।
ঘটনার সময় কিশোরীর মা বাথরুমে গেলে সুযোগ পেয়ে সে হঠাৎ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয়। বিষয়টি টের পেয়ে লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় লঞ্চটি প্রায় তিন ঘণ্টা নদীতে থামিয়ে রেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। তবে দীর্ঘ অনুসন্ধানের পরও কিশোরীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, কিশোরীর বাবা বিদেশে কর্মরত রয়েছেন। মা, কিশোরী এবং তার ছোট বোন—এই তিনজনই লঞ্চে ভ্রমণ করছিলেন।
ঘটনার পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট নৌ-পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
