রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার পথচারীদের জন্য নির্মিত একটি গুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজ এখন কার্যত হকারদের দখলে পরিণত হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্রিজটির দুই পাশে অসংখ্য ভ্রাম্যমাণ দোকান বসায় স্বাভাবিক চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে তীব্র ‘মানবজট’ এবং চরম ভোগান্তিতে পড়ছেন নিয়মিত পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, ব্রিজটির দুই পাশে সারিবদ্ধভাবে ফল, সবজি, ভাজাপোড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বসানো হয়েছে। এতে পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত সরু অংশ আরও সংকুচিত হয়ে পড়েছে। ফলে মানুষকে ধীরগতিতে চলতে হচ্ছে, অনেক সময় থেমে দাঁড়াতে হচ্ছে—যা কার্যত যানজটের মতো পরিস্থিতি তৈরি করছে।
স্থানীয়দের ভাষ্য, এটি কোনো যানবাহন চলাচলের সেতু নয়; বরং শুধুমাত্র পথচারীদের জন্য নির্মিত অবকাঠামো। অথচ হকারদের অনিয়ন্ত্রিত দখলের কারণে এখানে স্বাভাবিকভাবে হাঁটা-চলা এখন দুরূহ হয়ে পড়েছে। এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে গাড়ি চলে না, তবুও মানুষের চলাচল আটকে যায়। প্রতিদিন একই ভোগান্তি সহ্য করতে হচ্ছে।”
বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও কার্যকর ও স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না। মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালানো হলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে হকারদের সংখ্যা বাড়ছে এবং ব্রিজ দখলের পরিধিও ক্রমশ বিস্তৃত হচ্ছে।
সচেতন মহলের দাবি, গুরুত্বপূর্ণ এই পথচারী সেতুটি দ্রুত হকারমুক্ত করা জরুরি। পাশাপাশি হকারদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করে একটি টেকসই সমাধান গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে এবং যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
