ঢাকা, ২৩ আগস্ট ২০২৬, রবিবার, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধান-আম নষ্ট করে ফসলি জমির মাঝে অবৈধ সিসা কারখানা, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৫ ঘন্টা আগে) ২২ আগস্ট ২০২৬, শনিবার, ৯:৫০ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সাহাবাডাইং এলাকায় উর্বর ফসলি জমির মাঝখানে ধান ও আমবাগানের ক্ষতি করে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুরাতন অটোরিকশা ও চার্জার ভ্যানের ব্যাটারি ভেঙে সেখান থেকে সিসা সংগ্রহ করা হচ্ছে। এতে নির্গত বিষাক্ত ধোঁয়া, এসিড ও বর্জ্যে পরিবেশ ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনের বেলায় কারখানাটি প্রায় জনশূন্য ও নিস্তব্ধ থাকলেও সন্ধ্যার পর শুরু হয় কার্যক্রম।

রাতের আঁধারে সেখানে পুরাতন ব্যাটারি এনে ভেঙে সিসা গলানো হয়। এ সময় উৎপন্ন হওয়া বিষাক্ত কালো ধোঁয়া ও ঝাঁঝালো গন্ধে আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
অভিযোগ রয়েছে, ব্যাটারির ভেতরের এসিড, সিসা ও প্লাস্টিকজাত বর্জ্য আশপাশের জমিতে ফেলে দেওয়া হচ্ছে। ফলে কারখানার চারপাশের সবুজ ঘাস ইতোমধ্যে শুকিয়ে কালো হয়ে গেছে। পাশাপাশি ধানক্ষেত ও আমবাগানেও এর নেতিবাচক প্রভাব দেখা দিতে শুরু করেছে।


স্থানীয় কৃষক মো. মজিদুল ইসলাম বলেন, “দিনের বেলা এখানে কেউ থাকে না, কিন্তু সন্ধ্যা হলেই বিষাক্ত কালো ধোঁয়ায় চারপাশ ভরে যায়। গন্ধে টেকা যায় না। মাঠের সবুজ ঘাসগুলো মরে যাচ্ছে, ধানের জমিতেও খারাপ প্রভাব পড়ছে। আমরা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। এভাবে চলতে থাকলে ফসল নষ্ট হয়ে যাবে।”


আমচাষি তরিকুল ইসলাম বলেন, “কারখানার পাশেই আমার আমবাগান। চাঁপাইনবাবগঞ্জের মানুষের প্রধান আয়ের উৎস আম। সিসা পোড়ানোর বিষাক্ত গ্যাস ও এসিড আমগাছের পাতা ও মুকুলের ক্ষতি করছে। ভবিষ্যতে ফলন নিয়ে আমরা উদ্বিগ্ন। দ্রুত কারখানাটি বন্ধ না হলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।”


এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাইদ বলেন, “কৃষিজমিতে অটোরিকশার ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা এবং বিষাক্ত বর্জ্য মাটিতে ফেলা সম্পূর্ণ অবৈধ। সিসার ধোঁয়া ও রাসায়নিক বর্জ্য পরিবেশ, মাটি এবং ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর। গোবরাতলার সাহাবাডাইং এলাকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই সেখানে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


তিনি আরও বলেন, “এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”


স্থানীয়দের দাবি, পরিবেশ ও কৃষি রক্ষায় অবিলম্বে অবৈধ সিসা কারখানাটি বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম