লায়লা বাংলাদেশের জনপ্রিয় একজন লোকসংগীত শিল্পী। তিনি ২০১২ সালে এনটিভির রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান "তোমাকেই খুঁজছে বাংলাদেশ"-এর চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয়ে দেশব্যাপী পরিচিতি লাভ করেন। এছাড়াও "সখি গো আমার মন ভালো না" এই গানের জন্য লায়লা সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
লায়লার পুরো নাম সুলতানা ইয়াসমিন লায়লা। ২৪ আগস্ট নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার মহিষ ভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মোঃ শফিকুল মৃধা ও আসমা বেগম দম্পতির সন্তান লায়লা। তার শৈশবের দিনগুলো পরিবারের সাথে জন্মস্থান বনপাড়ার গ্রামেই কেটেছে।
লায়লা বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি ও ২০১২ সালে বনপাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১২ সালে লায়লা ঢাকায় চলে আসেন এবং ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর ব্যাচেলর অফ মিউজিক প্রোগ্রামে ভর্তি হন। লায়লা ২০১৯ সালে সংগীতে স্নাতক এবং ২০২১ সালে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।
বাবা শফিকুল মৃধার অনুপ্রেরণাতেই গানের ভুবনে পা রেখেছেন লায়লা। তাঁর বাবা একজন বাউলশিল্পী। তাই ছোটবেলা থেকেই গানের পরিবেশেই বেড়ে উঠেছেন তিনি। ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়নের মুকুট জয়ের পর থেকে লায়লা অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। "সখি গো আমার মন ভালোনা", "একখান পান চাইলাম", "অন্তরেতে দাগ লাগাইয়া রে", "আমি তোমার নাম লইয়া কান্দি", "নয়া বাড়ি", "তোমারে আমার হইতে দিলোনা", " তুমি মানো আর না মানো", "ওই পারেতে বন্ধুর বাড়ি"- সহ বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান গেয়ে সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন লায়লা।
ক্লোজআপ-১, ২০১২ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সংগীতে অবদানের জন্য লায়লা আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড-২০২০ (সেরা ইউটিউব মিউজিক ভিডিও),
বারী সিদ্দিকী পুরস্কার-২০২০ (সেরা লোক গায়ক),
আনন্দ লাহোরি পুরস্কার-২০২৩ (সেরা লোক গায়ক),
ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেন।
নিজের সংগীত জীবন সম্পর্কে লায়লা বলেন,"লোকগান মা, মাটি ও মানুষের গান। আমি সবসময় আমার হৃদয় দিয়ে এই গান গাওয়ার চেষ্টা করি। যতদিন বেঁচে থাকবো এই গান বুকে ধারণ করে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই"।
লায়লা মূলত লোকসংগীত (ফোক গান) পরিবেশনের জন্য শ্রোতাদের কাছে অত্যন্ত সমাদৃত।
আজ সংগীত শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লার জন্মদিনে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইলো নিরন্তর শুভ কামনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
