চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি ও অবৈধভাবে সার মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় মেসার্স ইসলাম ট্রেডার্স নামের একটি খুচরা সার বিক্রেতার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল নাহিদ।
অভিযানে দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় দোকানে ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা টিএসপি সার মজুদ পাওয়া যায়।
পরে দোকানের মালিক মো. নুর ইসলাম (৫০), পিতা মো. নুরফস আলীকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে মজুদ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। সার বিক্রির অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ঝিলিম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে।
প্রশাসন জানিয়েছে, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা এবং অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সদর উপজেলা কৃষি বিভাগ ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
