সিলেটেের গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ৩ শ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একইসাথে সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্পটিও চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ বিকেলে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় সমাবেশে গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, দেশে দ্রুত নগরায়নের মানুষ শহরমুখী হওয়ায় জমির সঠিক ব্যবহার নিশ্চিত করে পরিকল্পিত ও টেকসই শহর গড়ে তোলা সময়ের দাবি। সরকারের অধীনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক ১৮০ দিনের গৃহীত পরিকল্পনা সফল বাস্তবায়ন হয়েছে। বলেন, আগামী দিনে আইন লঙ্ঘন করে আর ভবন নির্মাণের কোনো সুযোগ নেই।
সিউকের মাধ্যমে সিলেটের উন্নয়ন হবে সুদূরপ্রসারী উল্লেখ করে মন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়নই হবে এই কর্তৃপক্ষের মূল অগ্রাধিকার। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সাথে সেবা দানের নির্দেশ দেন মন্ত্রী।
এসময় গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জু, সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যগণ, সিসিক প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৩-এর আওতায় গঠিত এ কর্তৃপক্ষের মূল লক্ষ্য আধুনিক ও পর্যটন নগরী প্রতিষ্ঠা, সুষম ও পরিকল্পিত উন্নয়ন, ভূ-প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং পর্যটন অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
