পোল্ট্রি, ফিসারিজ ও গবাদিপশুর খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ডিম ও মাংসের ন্যায্য মূল্যের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পোল্ট্রি, মাছ ও গবাদিপশুর খাদ্যের দাম ক্রমাগত বাড়লেও উৎপাদিত ডিম ও মাংসের ন্যায্য মূল্য পাচ্ছেন না খামারিরা। ফলে একদিকে উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে লোকসানের মুখে পড়ছেন খামারিরা।
তারা খাদ্যের দাম কমানো, ডিম ও মাংসের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং পোল্ট্রি, ফিসারিজ ও গবাদিপশু খাতের খামারিদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক সাদেকুর রহমান,সদস্য সচিব রফিকুল ইসলাম, ও সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন এলাকার খামারি ও সংশ্লিষ্টরা অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
