ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটের আলোচিত ট্রিপল মার্ডার স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনলেন এমপি এমরান

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ ঘন্টা আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৯:৩০ অপরাহ্ন

banglahour

 

সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের প্রকৃত রহস্য উন্মোচন ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারকে কড়া নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। 
সিলেট সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে স্বরাষ্ট্রমন্ত্রী এ নির্দেশ প্রদান করেন।


বৈঠকে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বহুল আলোচিত এই ট্রিপল হত্যাকাণ্ডের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিগোচর করলে তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনারকে।


সিলেট-৬ আসনের সংসদ সদস্য বৈঠকে বলেন- হত্যাকাণ্ডের এতদিন পার হলেও এখনো পুরো রহস্য উদঘাটন হয়নি। মামলার অগ্রগতির বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও ভিন্ন অভিযোগ ও অসন্তোষ রয়েছে।


সাংসদ এমরান আহমদ চৌধুরীর এ বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী এসএমপি কমিশনারকে নির্দেশ দিয়ে বলেন- হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে কোনো ধরনের পক্ষপাত ছাড়া প্রকৃত দোষীদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।


উল্লেখ্য- গত ১২ আগস্ট সিলেটের রায়নগর এলাকার নিজ বাসা থেকে প্রবীণ দম্পতি এম এ সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং তাঁদের গৃহপরিচারিকা তাহমিনা বেগম (১৫)-এর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।  প্রাথমিকভাবে পুলিশ এক রংমিস্ত্রিকে গ্রেফতার করে এবং ব্যক্তিগত বিরোধ বা ক্ষোভের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে জানায়। তবে নিহতের স্বজন ও পরিবারের সদস্যরা পুলিশের এই প্রাথমিক দাবি প্রত্যাখ্যান করেছেন। নিহতের যুক্তরাজ্যপ্রবাসী কন্যা ও পরিবারের অভিযোগ-  জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্রের সঙ্গে তাঁদের মূল্যবান জমি নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলছিল।


তাদের দাবি, মূল অভিযুক্তদের বাঁচাতে বা মূল ঘটনা আড়াল করতে পথ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি মূলত জমি দখল ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির উদ্দেশ্যে সংঘটিত একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম