সাইবার বুলিং মামলায় সময় টেলিভিশনের চিত্রগ্রাহক ও দৈনিক যশোর পত্রিকার মোংলা প্রতিনিধি রেজা মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোংলা প্রেস ক্লাবের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হওয়া এই সাংবাদিককে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আদালতে পাঠানো হয়েছে। নতুন গেজেটভুক্ত সাইবার সুরক্ষা আইনের আওতায় এটিই প্রথম মামলা। বাগেরহাটের মোংলার ময়লাপোতার মো. আলামিন নামের এক নারীর ভাই বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, আদালতের আদেশ পাওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে আসামি রেজা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। এটি নতুন সাইবার সুরক্ষা আইনের আওতায় দায়ের করা প্রথম মামলা। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আটকের পর সাংবাদিক রেজা মাসুদ জানান , তিনি মূলত ইয়াবা বিক্রি ও মাদকের বিরুদ্ধে এককভাবে সোচ্চার ছিলেন এবং জোরালো অবস্থান নিয়েছিলেন। পুলিশ সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সমাজকে সচেতন করার উদ্দেশ্যে তিনি মাদকের বিরুদ্ধে সঠিক তথ্যগুলো প্রমানসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার চেষ্টা করছিলেন। মাদকবিরোধী এই সৎ কাজের আক্রোশেই তাকে এই মামলায় জড়িয়ে ফাঁসানো হয়েছে।তিনি দাবি করেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা চালিয়ে যাবেন।
অন্যদিকে, ভিক্টিম ও 'কেয়া ব্রাইডাল লুকস বিউটি পার্লার'-এর মালিক ফাতেমা আক্তার কেয়া জানান, তিনি প্রায় আট বছর ধরে সুনামের সাথে তার ব্যবসা পরিচালনা করে আসছেন। তার সাবেক স্বামীর কাছ থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে রেজা মাসুদ এবং জিনি আক্তার নামের এক নারী দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছিলেন।
এদিকে সাংবাদিক রেজা মাসুদ আটকের বিষয়ে মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান জানান, তড়িঘড়ি করে থানায় মামলা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এতেই বোঝা যায় বিষয়টি ষড়যন্ত্রমূলক। তাই তিনি সাংবাদিকদের মাসুদের নিঃশর্ত মুক্তি কামনা করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
