কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর কুমিল্লা মহানগরীর ধর্মসাগরের পশ্চিম পাড়ের চেয়ারম্যান গলিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে।
বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায় তিনি সক্রিয় ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
সাজ্জাদ হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনেও তিনি প্রার্থী হয়ে পরাজিত হন।
২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন সাজ্জাদ হোসেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) আবু তাহেরের কাছে তিনি পরাজিত হন।
নির্বাচনে আবু তাহের ১ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হন। আর সাজ্জাদ হোসেন পান ১ হাজার ২৩৩ ভোট।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
