চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামে এ অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিলভাতিয়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৯০ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কর্ণখালী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন ১৭ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ৬ হাজার ৮০০ পিস বিড়ি ছিল।
জব্দ করা ভারতীয় পাতার বিড়ির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
