হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সফলতা পেয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। প্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
এসময় তিনি জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করা হয়। তিনি বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ, প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে অঙ্গীকারবদ্ধ।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন, ইনচার্জ, সাইবার ক্রাইম মনিটরিং সেল এইচ.এম. মাহমুদ সহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ।
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলে তাদের মধ্যে দেখা যায় স্বস্তি ও আনন্দ। আর মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর পুলিশের এই উদ্যোগে একদিকে যেমন সাধারণ মানুষের হারানো সম্পদ ফিরে আসছে, অন্যদিকে প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রমের প্রতি মানুষের আস্থা আরও বাড়ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
