ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে জমকালো আয়োজনে চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের উদ্বোধন

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ মাস আগে) ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৮:০৫ অপরাহ্ন

banglahour


পার্বত্য অঞ্চলের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ছড়িয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো ‘রাঙ্গামাটি চ্যাম্পিয়ন্স ফুটবল লিগ’-এর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ৩টায় রাঙ্গামাটির ঐতিহ্যবাহী চিংহ্লা মং মারী স্টেডিয়ামে টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়। জেলার ১০টি উপজেলার অংশগ্রহণকারী দলগুলোর তুমুল লড়াইয়ের মধ্যদিয়ে পাহাড়ের তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এই আসর বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


চিংহ্লা মং মারী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষণা করেন, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, পিএসসি। খেলা শুরুর আগে স্টেডিয়াম জুড়ে হাজারো ক্রীড়ামোদী দর্শকের বিপুল উপস্থিতি লক্ষ করা যায়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামে বরকল উপজেলা এবং লংগদু উপজেলা ফুটবল দল।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার আব্দুর রকিব, পিপিএম, রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম ভূট্টো, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


খেলার আনুষ্ঠানিক উদ্বোধনের করতে গিয়ে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, পিএসসি সামরিক কর্মকর্তা পাহাড়ে শান্তি ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড়ের আঞ্চলিক সংগঠনের মুখপাত্র ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার করা এক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু ক্রীড়া উন্নয়নই নয়, এ অঞ্চলের মানুষের সার্বিক কল্যাণে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, চোখের ছানি অপারেশন, নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ এবং মেকানিক্যাল ট্রেনিংয়ের মতো গঠনমূলক কাজ আমরা চালিয়ে যাচ্ছি, যেন স্থানীয়রা নিজের পায়ে দাঁড়াতে পারেন।”


পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ মুখপাত্রের বিভ্রান্তিকর বক্তব্যের কড়া জবাব দিয়ে তিনি বলেন, “সেনাবাহিনী এই দেশকে, এই অঞ্চলকে এবং এখানকার মানুষকে গভীরভাবে ভালোবাসে। যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের সেই দিন আর নেই। পার্বত্য অঞ্চলের মানুষ এখন অনেক সচেতন।”
তিনি আরও বলেন, “সম্প্রতি অতিবৃষ্টি ও ভূমিধসে সাধারণ মানুষ যখন পানিবন্দী ও বিপদে পড়েছিল, তখন তথাকথিত সন্ত্রাসী দলগুলোকে কোনো সহায়তায় এগিয়ে আসতে দেখা যায়নি। অথচ তারা রাঙ্গামাটি অঞ্চল থেকে প্রতি মাসে ১৫ থেকে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে। জনগণের সেই অর্থ বিপদের সময় তাদের কল্যাণে খরচ করা হয়নি।”


জনগণকে বিভ্রান্ত না করার জন্য বিনামূল্যে পরামর্শ দিয়ে রিজিয়ন কমান্ডার সতর্ক করে বলেন, সঠিক ও ভুলের পার্থক্য পাহাড়ের মানুষ ভালোভাবেই বোঝে। অপশক্তি ও সন্ত্রাসীদের প্রতিহত করতে সেনাবাহিনীর প্রয়োজন হবে না, বরং সচেতন এলাকাবাসীই তাদের সঠিক জবাব দেবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন। তিনি পাহাড়ের সম্প্রীতি, ক্রীড়া মানসিকতা বৃদ্ধি এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এমন ফুটবল আসর পুরো রাঙ্গামাটিতে জোয়ার তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম