ভৈরব থেকে জেল পলাতক একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামী আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জীবন ওরফে দুখু মিয়া (৩৬) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা।আজ বুধবার দুপুরে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি জীবন ওরফে দুখু মিয়া পৌর শহরের মালগুদাম বস্তি এলাকার দুদু মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গাজীপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায় জীবন ওরফে দুখু মিয়া। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম , জামালপুর রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। র্যাব -১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার বদরুদ্দৌজা’র দিক নির্দেশক্রমে এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার বদরুদ্দৌজা বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে গাজীপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায় জীবন ওরফে দুখু মিয়া। ২ বছরের অধীক সময় দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো সে। দুখুর বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও আমৃত্যু কারাদণ্ডের সাজা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
