নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও সৌরবিদ্যুতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ‘Benefits of Rooftop Solar: Community Knowledge, Practices and Way Forward’ শীর্ষক সচেতনতামূলক প্রি-গেম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ফুড ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় প্রতিনিধি, সংশ্লিষ্ট অংশীজন ও নাগরিক সমাজের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে রুফটপ সোলারের গুরুত্ব, সম্ভাবনা, অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা, বর্তমান ব্যবহার, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সরকারি-বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এতে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে।
অনুষ্ঠানে পরিবর্তন-এর ক্যাম্পেইন অ্যাসোসিয়েট রনি রায় রুফটপ সোলারের সম্ভাবনা নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। তিনি বলেন, রুফটপ সোলার শুধু পরিবেশবান্ধব বিদ্যুতের উৎস নয়; এটি অর্থনৈতিক সাশ্রয়, জ্বালানি নিরাপত্তা এবং নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে পারে। বিশেষ করে তরুণদের সোলার খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
আলোচনায় বক্তারা চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে স্থানীয় সরকার, নাগরিক সমাজ, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
Forum on Ecology and Development (FED) Chapainawabganj, পরিবর্তন, CLEAN ও Bangladesh Working Group on External Debt (BWGED)-এর উদ্যোগে এ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
