রাঙ্গামাটির মাঝেরবস্তী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজের পরিচিত মুখ সুলাল কুমার শীল আর নেই। হৃদক্রিয়া বন্ধ হয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টা ২ মিনিটে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়। দীর্ঘ কর্মজীবনে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে তিনি এলাকায় পরিচিত ও সম্মানিত ছিলেন।
মৃত্যুকালে তিনি ২ ভাই, ৩ বোন, ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্বজন, শুভাকাঙ্খী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাঙ্গামাটির আসামবস্তী মহাশ্মশানে সুলাল কুমার শীলের শেষকৃত্য সম্পন্ন হয়। এসময় স্বজন, পরিচিতজন ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত থেকে প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এসময় শেষ শ্রদ্ধা জানান, রাঙ্গামাটির প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি প্রেস ক্লাবের বর্তমান সিনিয়র সহ সভাপতি সাখাওয়াৎ হোসের রুবেল, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, প্রেস ক্লাবের তথ্য ও পাঠাগার সম্পাদক মিল্টন বাহাদুর, প্রেস ক্লাবের সদস্য উচিংছা রাখাাইন, সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক শিশির দাশ বাবলা, সহ সাধারণ সম্পাদক ইমতিয়াজ কামাল ইমন, সাংবাদিক মনু মারমা প্রমুখ।
এদিকে তার মৃত্যুতে মাঝেরবস্তীসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে প্রয়াত সুলাল কুমার শীলের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
