চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি তিন ইউনিয়নের ১ হাজার ১'শ পরিবারের মাঝে ১৫ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পাঁকা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এ সময় তিনি বলেন, চালের পাশাপাশি বন্যা দুর্গত মানুষের জন্য খাবার স্যালাইন, সুপেয় পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে পানিবন্দি মানুষের জন্য। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারত থেকে আসা উজানের ঢলে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী তীরবর্তী এলাকা, চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে সদর ও শিবগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের অন্তত ৩ হাজার পরিবার। শুক্রবার সকালে পদ্মা নদীতে বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। আগামী ২৪ ঘন্টা স্থির থেকে পানি কমতে শুরু করবে বলে জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
