পটুয়াখালীর কলাপাড়ার ধুলাস্বার ইউনিয়নের ধোলাই মার্কেটের পশ্চিম পাশে গঙ্গামতি লেকসংলগ্ন এলাকায় একটি স্থাপনা নির্মাণের কাজ চলছে। গত চার দিন ধরে কাঠের খুঁটি বসিয়ে পাটাতন তৈরির কাজ করছেন শ্রমিকরা। সংরক্ষিত বন ও প্রাকৃতিক জলাশয়ের এত কাছে স্থাপনা নির্মাণে পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় ও পরিবেশকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, গঙ্গামতি লেকের পাশেই কাঠের খুঁটি বসিয়ে পাটাতন তৈরির কাজ চলছে। স্থাপনাটির আশপাশে কেওড়া, গেওয়া, সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কারা স্থাপনাটি নির্মাণ করছেন, তা তারা জানেন না। তবে এলাকায় আলোচনা রয়েছে, সেখানে রিসোর্ট বা পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তবে স্থাপনা নির্মাণকারী মো. মোস্তাকুর রহমান বলেন, জমিটির রেকর্ডীয় মালিক তিনি। প্রায় ১৫ বছর আগে তিনি জমিটি কিনেছেন এবং বিএস রেকর্ডেও তার নাম রয়েছে। সেখানে রিসোর্ট নয়, একটি রেস্টুরেন্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে বন বিভাগের গঙ্গামতি বিট কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, স্থাপনা নির্মাণের প্রথম দিনই তিনি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করতে বলেছেন। তবে নির্মাণকারীরা জমিটি নিজেদের দাবি করে কাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে উপজেলা ভূমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্থানীয় ও পরিবেশকর্মীরা বলছেন, স্থাপনাটি নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি না এবং এর ফলে সংরক্ষিত বন, জলাশয় ও জীববৈচিত্র্যের ওপর কোনো প্রভাব পড়বে কি না,তা দ্রুত যাচাই করা প্রয়োজন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
