বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে আগুনে পুড়েছে ১২টি দোকান। বুধবার (১৬সেপ্টেম্বর ) রাত ৩টার দিকে বলিপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার ভোর সাড়ে ৩টা থেকে ৪টার দিকে বাজারের পাহারাদার আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন,ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দোকানগুলোর সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৮বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান, বুধবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সদর সংলগ্ন বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন। বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম এবং সহকারী পরিচালক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত সম্মিলিত প্রচেষ্টায় ভোর পৌনে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে বাজারের আনুমানিক ১০–১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০–৫০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে বিজিবির তাৎক্ষণিক ও সমন্বিত তৎপরতায় বাজারের অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২২মার্চ রাতে বলিপাড়া বাজারে প্রায় ৫০টির মতো দোকান ও বসতঘর আগুনে ভস্মীভূত হয়। ২০২৫ সালের ২৫ অক্টোবর গভীর রাতে আগুনে বাজারের ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
