রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকায় অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র, ১০টি ককটেল ও ২ রাউন্ড তাজা কার্তুজসহ ইসলাম শেখ ওরফে আকাশ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ টার সময় এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানাধীন দক্ষিণ উজানচর এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ২টি ওয়ান শুটার গান, ২টি তাজা কার্তুজ এবং ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। একই সঙ্গে চিহ্নিত ওই অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয় এসআরবি।
এসআরবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইসলাম শেখ ওরফে আকাশ (৪১) গোয়ালন্দঘাট থানার ভোলাই মাতবর পাড়ার এরশাদ শেখের ছেলে। তার বিরুদ্ধে পূর্বেও ২টি অস্ত্র মামলা এবং ১টি চাঁদাবাজি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাষ্ট্রবিরোধী যে কোনো অপরাধ দমনে এসআরবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান চালিয়ে যাবে বলে জানানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
