পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
আজ মঙ্গলবার দুপুরে শহরের ঐতিহাসিক রথখোলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়াবাজার ব্রীজ সংলগ্ন বিজয়চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগ তুলে ধরেন। সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেন তারা।
বক্তারা বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ভবিষ্যতে নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টির কোনো চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলেও তারা জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
