রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ দমন, যানজট নিরসন ও আসন্ন দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রেজাউল করিম।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক পাচার ও সেবন, ইভটিজিং, সামাজিক অপরাধ এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম বলেন, কালুখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের আপস করা হবে না। যেকোনো মূল্যে এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে। তাই মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং এ বিষয়ে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না।
কালুখালী থানার এসআই মো. সোহেল বলেন, আসন্ন দুর্গাপূজাতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশি টহল জোরদার করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। তবে শুধু প্রশাসনের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়; অপরাধ ও অনিয়ম দূর করতে জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় কুকুর ও বিড়ালের উপদ্রব নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম গ্রহণ, উপজেলার বিভিন্ন সড়কে যানজট নিরসন, ইভটিজিং প্রতিরোধ এবং বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদারের বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান, কালুখালী থানার এসআই মো. সোহেল, উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, বিএনপি নেতা কেএম আইনুল হাবিব বিএনপির নেতা আজমীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
