গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে টানা পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আটজন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সুন্দরবনের কোকিলমনি সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর সকালে আটজন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। ওই দিন বেলা ১১টার দিকে সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন আকস্মিকভাবে বিকল হয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ফিশিং বোটটি সাগরে ভাসতে থাকে।
টানা পাঁচ দিন নিখোঁজ ও বিচ্ছিন্ন থাকার পর গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। এ সময় বোটের এক জেলে দ্রুত মোবাইল ফোনে বোট মালিককে বিষয়টি জানান। ঘটনার পরপরই বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের জরুরি সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি থেকে একটি উদ্ধারকারী দল গভীর সমুদ্রে দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানে কোকিলমনি উপকূল থেকে দূরে ভাসমান বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়।
উদ্ধার করা জেলেদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং তাঁদের প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হয়। উদ্ধারকৃতদের সুস্থ অবস্থায় বোটসহ তাঁদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, সমুদ্রে যেকোনো দুর্ঘটনা ও জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ডের এই তৎপরতা ও সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
