রাঙ্গামাটিতে ধর্মীয় আচার ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পূর্ণিমা। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাঙ্গামাটি রাজ বনবিহারে সকাল থেকে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেন শতশত বৌদ্ধ নারী ও পুরুষ।
ধর্মীয় অনুষ্ঠানে অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, মধু দান ও বুদ্ধ পূজা, সংঘদান ও ধর্মীয় দেশনার আয়োজন করা হয়।
এছাড়াও পঞ্চশীল গ্রহণের মাধ্যমে ধর্মীয় প্রার্থনা ও আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয়। রাজ বনবিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ধর্ম দেশনা দেন। এছাড়া ধর্মীয় আচার পালনের পাশাপাশি প্রার্থনায় কামনা করা হয় মানুষের শান্তি ও কল্যাণ।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মধু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রতের দ্বিতীয় পূর্ণিমা তিথি এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পরিচিত। ভাদ্র মাসের পূর্ণিমার তিথিতে অনুষ্ঠিত হওয়ায় এটি ভাদ্র পূর্ণিমা নামেও পরিচিত।
বৌদ্ধ ধর্মালম্বীদের মতে, বহু বছর আগে পূর্ণিমা তিথিতে একটি বুনোহাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। এই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর মধু পূর্ণিমা উদযাপন করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা দেশ, জাতি ও সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন এবং নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
