ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১:১২ অপরাহ্ন

banglahour


  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা শিল্পে ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড ও শিপইয়ার্ডসমূহ দেশীয় প্রযুক্তি ও নিজস্ব সক্ষমতায় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা শিল্পে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। এ ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে আজ সোমবার (২৮-০৯-২০২৬) পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেড (কেএসওয়াই) কর্তৃক নির্মিত ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট ‘টিয়াখালী-৪’ আনুষ্ঠানিকভাবে লঞ্চিং করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার এডমিরাল মো. আব্দুল লতিফ। এছাড়াও অনুষ্ঠানে কেএসওয়াই ও পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন ০২টি টাগবোট নির্মাণ প্রকল্পের আওতায় দ্বিতীয় টাগবোট ‘টিয়াখালী-৪’ নির্মিত হয়। Navnautic Private Limited, Singapore-এর নকশায় এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান Bureau Veritas (BV)-এর তত্ত্বাবধানে নির্মিত টাগবোটটির দৈর্ঘ্য ৩৭ মিটার, ডিসপ্লেসমেন্ট ১,১০০ টন এবং ড্রাফট ৫ মিটার। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩.৮ মাইল। আধুনিক Z-Drive Propulsion System সংযোজিত টাগবোটটি পায়রা বন্দরে জাহাজের বার্থিং, আনবার্থিং, টোয়িং এবং জাহাজের দিক পরিবর্তন ও নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যবহৃত হবে। টাগবোটটির অন্যতম গুরুত্বপূর্ণ সক্ষমতা হলো এর আধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম। পাশাপাশি টাগবোটটি রেসকিউ অপারেশন, আন্ডার ওয়াটার সার্ভে ও স্যালভেজ কার্যক্রম ও প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে চলাচল এবং পাইলট পরিবহনের মতো বহুমুখী কাজেও এটি ব্যবহার করা যাবে। 


‘টিয়াখালী-৪’ দেশের জাহাজ নির্মাণ শিল্পে আধুনিক প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান ও দেশীয় দক্ষ জনবলের সমন্বয়ে উচ্চপ্রযুক্তিনির্ভর জাহাজ ও টাগবোট নির্মাণের ক্ষেত্রে আরও একটি মাইলফলক। উল্লেখ্য, খুলনা শিপইয়ার্ড লিমিটেড প্রতিষ্ঠার পর থেকে ৮০০টির অধিক নতুন জাহাজ নির্মাণ এবং ২,৫০০টির অধিক জাহাজ মেরামতের অভিজ্ঞতা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট নির্মাণ দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের কারিগরি উৎকর্ষ, জাহাজ নির্মাণ শিল্পে নিজস্ব সক্ষমতা ও অগ্রগতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। একই সঙ্গে টাগবোটটি পায়রা বন্দরের সামুদ্রিক কার্যক্রমে সহায়তা প্রদানের পাশাপাশি দেশের সামুদ্রিক অবকাঠামো ও ব্লু ইকোনমিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম