ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাশফুলের সাদা চাদরে ছেয়ে গেছে কলাপাড়ার পায়রা বন্দর এলাকা

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(১ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৮:৪৪ অপরাহ্ন

banglahour


শরতের নীল আকাশ, সাদা মেঘের ভেলা আর মৃদু বাতাসে দুলতে থাকা শুভ্র কাশফুল,প্রকৃতির এমন অপরূপ সাজে মুগ্ধ পটুয়াখালীর কলাপাড়ার মানুষ। সবুজের বুকজুড়ে ফুটে থাকা সাদা কাশফুল যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এই সৌন্দর্য উপভোগ করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে পায়রা বন্দরের প্রথম জেটির প্রবেশদ্বারসংলগ্ন মসজিদের আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে ফুটেছে কাশফুল। বিশেষ করে চারিপাড়া জেটিঘাট এলাকায় বাতাসের সঙ্গে দুলতে থাকা কাশবন তৈরি করেছে দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য। শরতের এই সৌন্দর্য দেখতে ছুটে আসছেন বিভিন্ন বয়সী মানুষ।

সরেজমিনে দেখা যায়, সকালের কোমল রোদে কাশফুলগুলো ঝলমল করছে। হালকা বাতাসে সারি সারি কাশফুল একসঙ্গে দুলে সৃষ্টি করছে মনোমুগ্ধকর দৃশ্য। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঘুরতে এসেছেন এখানে। কাশবনের শুভ্রতা আর নির্মল বাতাসে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা।
কাশফুলের মাঝে ছবি তোলা ও প্রকৃতির সৌন্দর্য মুঠোফোনের ক্যামেরায় ধারণ করতে ব্যস্ত দেখা যায় তরুণ-তরুণী, শিশু ও পরিবারের সদস্যদের। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জন্য ছবি ও ভিডিও ধারণ করছেন। শহরের ব্যস্ততা থেকে দূরে খোলা পরিবেশে কিছুটা সময় কাটানোর সুযোগ পেয়ে আনন্দিত তারা।

সকালের পাশাপাশি বিকেলেও কাশবনের সৌন্দর্য বদলে যায় অন্য রূপে। বিকেলের নরম রোদে সাদা কাশফুলের ওপর পড়ে সোনালি আভা। সূর্যাস্তের সময় দিগন্তজোড়া কাশবন হয়ে ওঠে আরও মোহনীয়। এ সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে।

দর্শনার্থী মুশফিকুর রহমান বলেন, “শহরের ব্যস্ততা ও কোলাহলের মধ্যে এমন প্রাকৃতিক পরিবেশ সত্যিই প্রশান্তি দেয়। কাশফুলের শুভ্রতা আর খোলা বাতাসে কিছু সময় কাটালে মন ভালো হয়ে যায়।”
প্রকৃতির এমন নির্মল আয়োজন মানুষের ব্যস্ত জীবনে এনে দিচ্ছে স্বস্তির পরশ। যান্ত্রিক জীবনের একঘেয়েমি ভুলে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর সুযোগ করে দিয়েছে লালুয়া ইউনিয়নের এই কাশবন। নীল আকাশের নিচে সাদা কাশফুলের দোল খাওয়া দৃশ্য যেন প্রকৃতিপ্রেমীদের জন্য এক টুকরো প্রশান্তির ঠিকানা।

শরতের কাশফুল শুধু প্রকৃতির সৌন্দর্যের প্রতীক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার ঋতুবৈচিত্র্য, শৈশবের স্মৃতি ও মাটির প্রতি মানুষের গভীর টান। তাই শরতের শুভ্রতায় সেজে ওঠা পায়রা বন্দর এলাকার এই কাশবন এখন স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের কাছেও হয়ে উঠেছে আকর্ষণীয় স্থান। সাদা কাশফুলের দোলায় যেন প্রকৃতি জানান দিচ্ছে "শরৎ এসেছে, বাংলার প্রকৃতি সেজেছে তার চিরচেনা শুভ্র সাজে।"
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম