তরুণ প্রজন্মের তথ্য অধিকার সচেতনতা সরকারি কাজে স্বচ্ছতা বৃদ্ধির করবে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আলোচনা সভায় বক্তারা এ মতামত ব্যক্ত করেছেন।
আজ (সোমবার) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস প্রাঙ্গণ সংলগ্ন স্কাউট ভবনে আয়োজিত এ সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক মো. হাবিবুর রহমান। তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রু.দা.) নারায়ণ সরকার, দ্য ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. কামরুল হাসান এবং গাজী টেলিভিশনের প্রতিনিধি কাজী মোহাম্মদ মোস্তফা।
তরুণ প্রজন্ম ও সুশীল সমাজের প্রতিনিধিদের সামনে টিআইবি'র আঞ্চলিক সমন্বয়ক তথ্য অধিকার আইন প্রয়োগের ক্ষেত্র ও পদ্ধতি তুলে ধরেন। আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার সকলকে এ অধিকার প্রয়োগের মাধ্যমে স্বচ্ছ সমাজ গড়তে উৎসাহ দেন। আমন্ত্রিত দুই জ্যেষ্ঠ সাংবাদিক তথ্য অধিকারকে আগামীর উন্নয়নের বড় হাতিয়ার বলে বর্ণনা করেন। সভাপতি সরকারি দপ্তরগুলোর স্বপ্রণোদিত তথ্য প্রকাশে গুরুত্বারোপ করেন।
তরুণ প্রজন্ম ও সুশীল সমাজের প্রতিনিধিরা মুক্ত আলোচনায় তথ্য প্রদানের ক্ষেত্রে সরকারি ও বিদেশি সাহায্যপুষ্ট সংস্থাগুলোর আরো যত্মবান হওয়া প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন।
সভাশেষে ময়মনসিংহ শহরে অনাহারী মানুষদের আহারের ব্যবস্থার মানবিক উদ্যোগের জন্য সাপ্তাহিক আমাদের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দ্য ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. কামরুল হাসানের হাতে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে 'মানবতায় উচ্চশির সম্মাননা' স্মারক তুলে দেন আয়োজক এবং অতিথিরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
