পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্প্রতি গঠিত তিনটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটিকে স্বাগত জানিয়ে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন, সশস্ত্র সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল এবং জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাঙ্গামাটি শহরের কাঁঠালতলীতে পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) শান্তি চুক্তির শর্ত লঙ্ঘন করে সশস্ত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি পুনর্মূল্যায়ন প্রয়োজন। একইসঙ্গে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে ভূমিকা রাখায় ব্যারিস্টার মীর হেলালকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে বহাল রাখার দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেএসএসের সাম্প্রতিক বিবৃতির সমালোচনা করে বলা হয়, সংগঠনটি এখনো অস্ত্র ও সন্ত্রাসের পথ পরিহার করেনি এবং চাঁদাবাজি ও অবৈধ সশস্ত্র তৎপরতা অব্যাহত রেখেছে। এছাড়া সম্প্রতি শিশির চাকমার দেওয়া সংবাদ সম্মেলনের নিন্দা জানিয়ে দাবি করা হয়, তিনি পাহাড়ের সর্বস্তরের মানুষের প্রতিনিধি নন।
সংবাদ সম্মেলনে আরও দাবি জানানো হয়, পাহাড়ে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ‘লিগ্যাল টাস্কফোর্স’ গঠন, জেলা পরিষদে ন্যস্ত শিক্ষা ও স্বাস্থ্য বিভাগ পুনরায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে ফিরিয়ে নেওয়া, উপজাতীয় কোটার পরিবর্তে সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ‘অনগ্রসর কোটা’ চালু এবং পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদে জনসংখ্যার ভিত্তিতে সব জাতিগোষ্ঠীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
পাশাপাশি বিদেশি এনজিওগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদারকির দাবি জানানো হয়।
পিসিএনপির নেতারা বলেন, সরকার গঠিত তিনটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটি পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব কমিটির গঠনমূলক কর্মকাণ্ডে সংগঠনটি পূর্ণ সহযোগিতা করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিএনপির রাঙ্গামাটি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবীব আজম, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুর হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
