বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলেদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার।
বৃহস্পতিবার বেলা ১২ টার সময় হিজলা উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে মেঘনা নদীর তীরে অরাকুল মাছঘাটে জেলা মৎস্য কর্মকর্তা,জেলে, মৎস্যজীবী সমিতি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা মেনে চললে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেদের ভবিষ্যৎ জীবিকা আরও সুরক্ষিত হবে। এ সময় নদীতে মা ইলিশ শিকার, পরিবহন, মজুত ও বিক্রি থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
বরিশাল জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি জেলে ও সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞার সময় কেউ যেন নদীতে ইলিশ শিকার না করে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। আপনারা যদি নিষেধাজ্ঞার সময় মাছ শিকার করেন, তাহলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন।তিনি আরো বলেন যারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে কঠোর আইন বাস্তবায়ন করা হবে। মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রাখার কথা বলা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
