ময়মনসিংহে বাস ও সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলো জামালপুরেরবদড়ি হামিদপুরের কবির হোসেনের ছেলে শিশু মিনান (৫), মোফাজ্জল হোসেন লেবু মিয়া (৫৪), মোফাজ্জল হোসেন লেবু মিয়ার মেয়ে মর্জিনা (২৫) ও একই গ্রামের মৃত মাজুম আলীর স্ত্রী রাশিদা বেগম (৮০)। ৩ জনের পরিচয় শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।
আজ (শুক্রবার) দুপুর সোয়া একটার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা লিয়াকতের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আাসা জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছা থেকে ছেড়ে আাসা একটি সিএনজি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।
ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করে তাদের লাশ মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হলেও এখন স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনা কবলিত রাজিব পরিবহনের বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
