সম্প্রতি কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত “৬০ হাজার টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে” শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোতালেব।
প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনো ব্যক্তি বা আসামির কাছ থেকে অর্থ গ্রহণ করেননি এবং টাকার বিনিময়ে কোনো আসামিকে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটেনি বলে উল্লেখ করেন।
এএসআই মোতালেব বলেন, “যে আসামিকে আমরা আটক করেছিলাম, তাকে ছাড়ানোর জন্য অবৈধ ও বেআইনিভাবে তদবির করা হয়েছিল। তাকে না ছাড়ার কারণেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”
তিনি আরও জানান, আইন অনুযায়ী দায়িত্ব পালন করে মাদকবিরোধী অভিযানে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ নেই বলেও তিনি দাবি করেন।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, সংবাদে উল্লিখিত বিকাশ নম্বর বা আর্থিক লেনদেনের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যথাযথ কর্তৃপক্ষ তদন্ত করলে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, সম্প্রতি একটি সংবাদে এএসআই মোতালেবের বিরুদ্ধে অর্থের বিনিময়ে দুইজন কথিত মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ প্রকাশিত হয়। ওই সংবাদের পরিপ্রেক্ষিতেই তিনি এ প্রতিবাদ জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
