ভৈরবে ডেঙ্গু প্রতিরোধ ও ময়লা অপসারনে পৌরসভা প্রশাসন ব্যবস্থা না নেয়ায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভৈরব পুর দক্ষিণ পাড়া এলাকার স্থানীয় জনগন। এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়ে পথচারী ও যাত্রীরা। পরে প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ( ভূমি) এ এইচ এম আজিমুল হক ময়লা অপসারন ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে স্থানীয়রা। আজ বেলা সাড়ে ১০ টার দিকে স্থানীয় জনগণ আইস কোঃ মোড় ও মনামরা সেতুর নীচে সড়কে বাশঁ ও বস্তা ফেলে সড়ক অবরোধ করে। এতে ভৈরব বাজার - বাসস্ট্যান্ড- রেলওয়ে জংশন ষ্টেশন সড়ক এবং চন্ডিবের সড়কে কয়েক শত যান চলাচল বন্ধ হয়ে যায় । ফলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্কুল - কলেজ গামী শিক্ষার্থী ও রোগীরা দুর্ভোগে পড়ে।
এ সময় ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি জাহিদুল হক জাবেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুল হক সুজন, ব্যবসায়ী তাজুল ইসলাম সুমন, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ইসমাইল, যুবদলের সভাপতি জাহিদ মিয়া সহ স্থানীয়রা জানান,পৌরসভার অন্যান্য এলাকার ময়লা সংগ্রহ করে ষ্টেশন ও বেরিবাধ সড়কের পাশে এনে ফেলে। এতে এডিস মশা সৃষ্টি হয়ে ভৈরব পুর দক্ষিণ পাড়া এলাকার লোকজন মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছে। বর্তমানে ১ শ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এবং ৮/১০ জন আইসিইউতে আছে। ডেঙ্গুর রেড জোন হিসেবে এ এলাকা পরিণত হয়েছে।
গত দেড় মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে এম মামুনুর রশিদ ওইসব স্থানে ময়লা ফেলবেনা এবং যে সব ময়লা রয়েছে সেগুলো বালি ফেলে ভরাট করার আশ্বাস দিলে ও সেগুলো বালি দিয়ে ভরাট করেনি। পরে খবর পেয়ে সহকারী কমিশনার ( ভূমি) এ এইচ এম আজিমুল হক বলেন ময়লার উপর বালি ফেলে ময়লা ঢেকে দেওয়ার কাজ শুরু হয়েছে। তাছাড়া ডেঙ্গুর লার্ভাইস ধব্বংসে ১০ জনের টিম বাড়ি বাড়ি গিয়ে কাজ করবে এবং পৌরসভার ময়লা ফেলার জন্য ডাম্পিং ব্যবস্থা কোথায় করা যায় সবার সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। ময়লা অপসারন ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেয়ার এমন আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে স্থানীয়রা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
