ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জালিয়াতি করে বাড়ি লিখে নেওয়ার পর বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ মাস আগে) ৪ অক্টোবর ২০২৬, রবিবার, ৪:২১ অপরাহ্ন

banglahour

 

ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকায় মায়ের কাছ থেকে প্রতারণার মাধ্যমে পাঁচতলা বাড়ি নিজের নামে লিখে নেয়ার পর বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেয়ার অভিযোগ উঠেছে এক মেয়ের বিরুদ্ধে। এমনকি বাড়ির ভাড়া থেকেও মাকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ৮০ বছর বয়সী অসহায় বৃদ্ধা রহিমা খাতুন।

আজ (রবিবার) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন রহিমা খাতুন। 
তিনি ভাটিকাশর এলাকার বাসিন্দা, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিধবা। তাঁর কোনো পুত্রসন্তান নেই। তাঁর মেয়ে ফারজানা সুলতানা কাবেরি। ফারজানার স্বামী সরকারের একজন অতিরিক্ত সচিব বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

লিখিত বক্তব্যে রহিমা খাতুন অভিযোগ করেন, প্রায় ২৫ বছর আগে তাঁর মেয়ে ফারজানা সুলতানা কাবেরি ও মেয়ের স্বামী মিলে প্রতারণার মাধ্যমে পাঁচতলা বাড়িটি তাঁর কাছ থেকে নিজেদের নামে লিখে নেন। বাড়িটি লিখে নেওয়ার পর থেকেই তাঁদের আচরণে পরিবর্তন আসে। বর্তমানে তিনি ওই বাড়ির একটি অংশে বসবাস করলেও বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া হয়েছে। ভাড়া বাবদ পাওয়া অর্থের বেশির ভাগই তাঁর মেয়ে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

রহিমা খাতুন বলেন, বয়সজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হলেও অর্থের অভাবে নিয়মিত ওষুধ কিনতে পারছেন না তিনি। মেয়ের কাছে ভরণপোষণ চাইলে তাঁর সঙ্গে খারাপ আচরণ করা হয়। তাঁর পক্ষে কেউ কথা বললেও তাকেও নানাভাবে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মেয়ের স্বামীর প্রভাব খাটিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়েও তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে।

রহিমা খাতুন বলেন, জীবনের শেষ সময়ে এসে তিনি নিরাপত্তাহীনতা ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। প্রতারণার মাধ্যমে তাঁর কাছ থেকে লিখে নেওয়া বাড়িটি ফেরত পাওয়ার পাশাপাশি ভরণপোষণ আইনে মেয়ে ও মেয়ের স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ফারজানা সুলতানা কাবেরি। মোবাইল ফোনে তিনি বলেন, ‘আমার মায়ের অভিযোগগুলো ভিত্তিহীন। আমি নিয়মিত ঢাকায় বসবাস করি। বাড়ি ভাড়া বাবদ প্রায় ৬০ হাজার টাকা পাওয়া যায়। সেখান থেকে প্রতি মাসে ২৭ হাজার টাকা মাকে দেওয়া হয়।’


ফারজানা আরও বলেন, ‘বাকি টাকা আমরা দুই বোন মিলে নিই। মাকে ফোন করলে তিনি ভালোভাবে কথা বলেন না। এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তাঁর সঙ্গে যোগাযোগ খুব কম হয়। মায়ের স্বজনদের ইন্ধনে তিনি আমার বিরুদ্ধে এসব অপপ্রচার করছেন।’

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম