বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে বন্যপ্রাণী ও মাছ শিকারের অপরাধে ৬ বন অপরাধীকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। শনিবার (১০ অক্টোবর) সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ি এলাকার হলদী খাল থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ খালপাটা জাল এবং অপরাধে ব্যবহৃত দুটি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোংলা থানার ছবেদখান এলাকার হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেল ৫টার দিকে চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান-এর নেতৃত্বে বনকর্মীদের একটি চৌকস দল হলদী খালে নিয়মিত টহল পরিচালনা করছিল। টহলকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বনে অনুপ্রবেশকারী এই অপরাধী চক্রটিকে দেখতে পান তারা।
তিনি আরও জানান, চক্রটি নিষিদ্ধ খালপাটা জাল দিয়ে বনের খালে মাছ শিকারের পাশাপাশি হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতেছিল। বিষয়টি টের পেয়ে বনকর্মীরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই ৬ জনকে আটক করেন।
স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, "বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বনের পরিবেশ নষ্টকারী বা যেকোনো বন অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না।"
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
