কুমিল্লার বরুড়া উপজেলার জয়কামতায় মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও সামাজিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) জয়কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদক নির্মূলে প্রশাসন ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। তিনি মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থান এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়ার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নাদেরুজ্জামান।
বক্তারা মাদকের কুফল সম্পর্কে তরুণদের সচেতন করা, পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা জোরদার করা এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বরুড়াকে মাদকমুক্ত করতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
জয়কামতা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
