ঢাকের সুরেলী কাঠি, কাঁসর-ঘণ্টার সুমধুর ধ্বনি এবং পুরোহিতের পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মধ্যদিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আনন্দঘন ও গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ‘মহাঅষ্টমী’ পূজা।
সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকেই রাঙ্গামাটির প্রতিটি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে দেবীর মহাঅষ্টমী বিহিত পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরম ভক্তি ও শ্রদ্ধায় ভোর থেকেই ভক্তরা উপবাস থেকে মণ্ডপে সমবেত হতে থাকেন। পূজার নির্ধারিত সময়ে ঢাকের বাদ্য, চণ্ডীপাঠ ও সনাতন নারীদের উলুধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে এবং ভক্তকূল সারিবদ্ধভাবে দেবী দুর্গার শ্রীচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন।
পরবর্তী সময়ে দিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ‘সন্ধিপূজা’র মধ্যদিয়ে মহাঅষ্টমীর মূল ধর্মীয় আচার সম্পন্ন হয়। এ সময় দেবী দুর্গাকে ফলমূল, মিষ্টান্নসহ নানা পদের ভোগ নিবেদন করা হয়। পূজা ও অঞ্জলি শেষে উপস্থিত সকল ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নারী-পুরুষ ও আবালবৃদ্ধবনিতা নির্বিশেষে ভক্তরা একাতঢ়ঁংয পরম করুণাময়ের কাছে প্রার্থনার মাধ্যমে দেশ, জাতি ও বিশ্বের সর্বাঙ্গীন কল্যাণ এবং শান্তির আরতি জানান।
উৎসবের সার্বিক পরিবেশ নিয়ে স্থানীয় আয়োজক কমিটি সন্তোষ প্রকাশ করে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার নিরাপত্তা ও স্থানীয়দের সহযোগিতায় একদম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সকাল থেকেই মণ্ডপগুলোতে পূজার্থীদের স্বতঃস্ফূর্ত ঢল নেমেছিল।
উল্লেখ্য, আগামীকাল মহানবমী পূজার পর দিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের এই সর্ববৃহৎ উৎসবের।
#

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
