ঢাকা, ২১ অক্টোবর ২০২৬, বুধবার, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফ্রান্সের বেসাঁসোঁতে বাংলাদেশ কমিউনিটি ACBB-এর অভিষেক ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত

প্রবাস | আবু তাহির। ফ্রান্স।

(১১ ঘন্টা আগে) ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৫:০২ অপরাহ্ন

banglahour

বেসাঁসোঁ, ফ্রান্স: ফ্রান্সের বেসাঁসোঁ শহরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কমিউনিটি বেসাঁসোঁ (ACBB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি বেসাঁসোঁর সভাপতি শাকির হাসান। অনুষ্ঠানটি সাবলীলভাবে সঞ্চালনা করেন আবু নাঈম। অনুষ্ঠানের উদ্বোধন করেন সুইজারল্যান্ডের জেনেভার বিশিষ্ট ব্যবসায়ী ও অ্যালিমেন্টেশন মনসুনের চেয়ারম্যান শ্যামল খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার আলী সুমন।

প্রধান অতিথির বক্তব্যে সাত্তার আলী সুমন বলেন, কমিউনিটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রবাসের মাটিতে নিজেদের দেশ ও সংস্কৃতিকে যথাযথভাবে তুলে ধরতে হবে। বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সবাইকে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। একই সঙ্গে কমিউনিটির কল্যাণে কাজ করা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উদ্বোধকের বক্তব্যে শ্যামল খান বলেন, প্রবাসে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে কমিউনিটির স্বার্থ সবার আগে। রাজনৈতিক বিভেদ ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কমিউনিটির উন্নয়ন এবং প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধভাবে তুলে ধরা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবকণ্ঠের সম্পাদক আবু তাহির, সুইজারল্যান্ড চট্টগ্রাম সমিতির সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক সসীম জি. সি. ও যুগ্ম সাধারণ সম্পাদক অসংখ্য বড়ুয়া। এ ছাড়া ফ্রান্সপ্রবাসী ব্যবসায়ী মাহবুব আহমদ ও আহমদ সোহেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাদাত হোসেন সাইফুল শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বেসাঁসোঁতে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন খান সুমন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নাম ও পদবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তাঁর ঘোষণার মধ্য দিয়ে ACBB-এর নতুন কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নতুন কমিটির মাধ্যমে বেসাঁসোঁতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন প্যারিসের জনপ্রিয় সংগীতশিল্পী মিষ্টি বিশ্বাস এবং সুইজারল্যান্ডের জনপ্রিয় সংগীতশিল্পী গৌরীচরণ রিমি। তাঁদের সংগীত পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করে।

অনুষ্ঠানে আগত নারী-পুরুষের পাশাপাশি শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনের জন্য আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, প্রবাসের ব্যস্ত জীবনে এ ধরনের সাংস্কৃতিক মিলনমেলা দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ তৈরি করে। একই সঙ্গে প্রবাসীদের মধ্যে পরিচিতি, বন্ধুত্ব, পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

অনুষ্ঠান উপলক্ষে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। পাশাপাশি পরিবেশন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের দেশীয় পিঠা। দেশীয় খাবার ও পিঠার আয়োজন প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন ACBB-এর সহসভাপতি আবু তালহা, দপ্তর সম্পাদক রূপা হোসেন, অর্থ সম্পাদক আসাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হৃদয় মাহমুদ, প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন সুমন, উপদেষ্টা মোজাম্মেল হক, সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নিকিল বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক পিঙ্কি সরকার, কার্যকরী সদস্য হৃদয় মনি এবং সহসম্পাদক শামসুল আলম।

এ ছাড়া অনুষ্ঠানটি সফল ও প্রাণবন্ত করে তুলতে অবদান রাখেন তানিয়া লাবনী, নিলুফার ইয়াসমিন নীলা, মুসাম্মৎ নিলুফা, এলজোনা নাতাশা রনি, সাবিনা ইয়াসমিন রিতা, তামিম শোয়াক, সালমান ও আবু সাঈদ নিশানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

১. প্রধান উপদেষ্টা: আনোয়ার হোসেন খান সুমন
২. উপদেষ্টা: এইচ এম মোজাম্মেল হক (দুলাল)
৩. সভাপতি: শাকির হাসান
৪. সহসভাপতি: আবু তালহা
৫. সাধারণ সম্পাদক: সাদাত হোসেন (সাইফুল)
৬. দপ্তর সম্পাদক: শারমিন সুলতানা রূপা হোসেন
৭. সহদপ্তর সম্পাদক: তানিয়া লাবনী
৮. কোষাধ্যক্ষ: আসাদ হোসেন রনি
৯. সহ-অর্থ সম্পাদক: মোহাম্মদ শামসুল আলম
১০. সাংগঠনিক সম্পাদক: হৃদয় আহমেদ
১১. সহ-সাংগঠনিক সম্পাদক: বিশ্বাস নিখিল
১২. তথ্য ও প্রচার সম্পাদক: সালমান ফার্সি স্বপিল
১৩. সাংস্কৃতিক সম্পাদক: পিঙ্কি সরকার
১৪. মহিলাবিষয়ক সম্পাদক: নিলুফার ইয়াসমিন নীলা
১৫. সহ-মহিলাবিষয়ক সম্পাদক: সাবিনা ইয়াসমিন (রিতা)
১৬. আপ্যায়ন সম্পাদক: মুসাম্মৎ নিলুফা
১৭. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: এলজোনা নাতাশা রনি
১৮. ক্রীড়া সম্পাদক: মো. তনিম আহমেদ
১৯. কার্যকরী সদস্য: হৃদয় মনি
২০. সাধারণ সদস্য: আবু সাঈদ নিশান
২১. সাধারণ সদস্য: মো. শোয়াগ মিয়া

অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, ACBB ভবিষ্যতেও বেসাঁসোঁতে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম