শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী কেন্দ্র করে পাহাড়ি পরিবেশ ও সম্প্রীতির আবহে রাঙ্গামাটিতে বসবাসরত নেপালী বংশোদ্ভূত গুর্খা সম্প্রদায়ের শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী ‘টিকা লাগাউনে’ উৎসব পালিত হয়েছে। এই আচার-অনুষ্ঠানটি মূল তাৎপর্য হলো জ্যেষ্ঠদের কাছ থেকে কপালে টিকা গ্রহণ এবং ছোটদের প্রতি প্রবীণদের পারস্পরিক স্নেহ ও আশীর্বাদ লাভ।
বুধবার (২১ অক্টোব) সকালে শহরের প্রধান প্রধান মন্দির ও মণ্ডপগুলোতে বিজয়া দশমীর অঞ্জলি প্রদান শেষে গুর্খা সম্প্রদায়ের পরিবারগুলোতে ঘরে ঘরে শুরু হয় এই উৎসবের আনুষ্ঠানিকতা। পাহাড়ি এই জনপদের সামাজিক ও সাংস্কৃতিক নানা বৈচিত্র্যের পাশাপাশি গুর্খা জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির প্রতিফলন ঘটে এই বিশেষ সামাজিক ও ধর্মীয় রীতিনীতিতে।
উৎসবের ধারাবাহিকতায় রাঙ্গামাটির জেল রোডস্থ ‘সুর নিকেতন সংগীত শিক্ষালয়’ ভবনে এক বিশেষ সামাজিক আচারের আয়োজন করা হয়। সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খার উদ্যোগে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা ঘটে। পরবর্তীতে প্রবীণরা কনিষ্ঠদের কপালে টিকা পরিয়ে দেন এবং পরিবারের সমৃদ্ধি ও শুভকামনায় বিশেষ প্রার্থনা করেন।
অনুষ্ঠানে মনোজ বাহাদুর গুর্খা বলেন, "আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী নেপালী বংশোদ্ভূত গুর্খা সম্প্রদায় শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন এই টিকা লাগাউনে উৎসব পালন করে আসছে। আমাদের প্রত্যাশা, এই ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠানের মাধ্যমে পাহাড়ের সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি, সামাজিক ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।"
উৎসবের শেষাংশে আগত অতিথিদের ঐতিহ্যবাহী আপ্যায়নে ভূষিত করা হয় এবং নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে মিলনমেলার সমাপ্তি ঘটে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
