ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এশিয়ার প্রথম পানি জাদুঘর, অস্তিত্ব সংকটে ঐতিহ্যের অনন্য উদ্যোগ

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(১ সপ্তাহ আগে) ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৬ অপরাহ্ন

banglahour


নদীমাতৃক বাংলাদেশের নদী, পানি ও পরিবেশের ইতিহাস সংরক্ষণের ব্যতিক্রমী উদ্যোগ পটুয়াখালীর কলাপাড়ার পানি জাদুঘর। দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের অষ্টম পানি জাদুঘর হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি একসময় দেশি-বিদেশি পর্যটক, গবেষক ও শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। তবে সময়ের ব্যবধানে সেই জাদুঘরই এখন অস্তিত্ব সংকটে। দর্শনার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে দৈনিক মাত্র ৩ থেকে ৫ জনে। পর্যাপ্ত অর্থায়ন, সরকারি পৃষ্ঠপোষকতা, প্রচারণা ও কার্যকর উদ্যোগের অভাবে হারিয়ে যেতে বসেছে সম্ভাবনাময় এই প্রতিষ্ঠান।

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন এলাকায় ২০১৪ সালের ২৯ ডিসেম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশের অর্থায়নে ‘আভাস’ প্রকল্পের অংশ হিসেবে ১৫ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয় পানি জাদুঘরটি। স্থানীয় পাঁচ গ্রামের ৪৮৫ জন নারী-পুরুষের সমন্বয়ে গঠিত আত্মনির্ভরশীল সমাজসেবা সংগঠন ‘উপকূলীয় জনকল্যাণ সংঘ’-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে এটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের সহযোগিতা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহায়তায় জাদুঘরটির নকশাসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়।

নদী ও পানির ঐতিহ্য সংরক্ষণ, নতুন প্রজন্মকে পরিবেশ সম্পর্কে সচেতন করা এবং নদীকেন্দ্রিক গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল প্রতিষ্ঠানটির। বর্তমানে জাদুঘরে দেশ-বিদেশের ৮৭টি নদীর পানির নমুনা সংরক্ষিত রয়েছে। এর মধ্যে বাংলাদেশের পাঁচটি, বিদেশের ১২টি এবং নেপাল, ভারত, ভুটান ও মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করা আন্তঃসীমান্তের প্রায় ৭০টি নদীর পানির নমুনা রয়েছে।

এত সমৃদ্ধ সংগ্রহ ও আন্তর্জাতিক গুরুত্ব থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির বর্তমান চিত্র হতাশাজনক। যে জাদুঘরকে ঘিরে উপকূলীয় অঞ্চলে পরিবেশ শিক্ষা, গবেষণা ও পর্যটনের নতুন সম্ভাবনা তৈরির কথা ছিল, সেটি এখন অনেকটাই দর্শনার্থীশূন্য। নিয়মিত প্রচারণা, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পরিদর্শন, গবেষণা কার্যক্রম এবং পর্যটনসংশ্লিষ্ট উদ্যোগের অভাবে প্রতিষ্ঠানটির সম্ভাবনা ক্রমেই সংকুচিত হচ্ছে।

জাদুঘরের কিউরেটর ও উপকূলীয় জনকল্যাণ সংঘের ক্যাশিয়ার লিপি মিত্র জানান, একসময় প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকত জাদুঘরটি। বর্তমানে গড়ে মাত্র ৩ থেকে ৫ জন দর্শনার্থী আসেন। দীর্ঘদিন ধরে সীমিত আয় ও পর্যাপ্ত সহযোগিতার অভাবে অবকাঠামো সংস্কার, প্রদর্শনী উপকরণ সংরক্ষণ এবং প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে হতাশার বিষয়, প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সহায়তা পাচ্ছে না।
জানা গেছে, জাদুঘরের কার্যক্রম পরিচালনায় অ্যাকশনএইড বাংলাদেশ প্রতিবছর প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা বরাদ্দ দিয়ে থাকে। এ ছাড়া ক্যাপ, টি-শার্ট ও মগ বিক্রি করে কিছু অর্থ সংগ্রহ করা হয়। এসব পণ্যের দাম যথাক্রমে ১৫০, ২০০ ও ২৫০ টাকা। তবে এত সীমিত অর্থ দিয়ে একটি আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন প্রতিষ্ঠানের পরিচালনা, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, কর্মীদের ব্যয় নির্বাহ এবং নতুন কার্যক্রম সম্প্রসারণ করা কঠিন হয়ে পড়েছে।

জাদুঘরে সংরক্ষিত নদীর পানির নমুনা, বই ও তথ্যসমৃদ্ধ উপকরণগুলো যথাযথভাবে সংরক্ষণ এবং দর্শনার্থীদের সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে প্রয়োজন আধুনিক ব্যবস্থাপনা ও নিয়মিত বিনিয়োগ। কিন্তু আর্থিক সংকটের কারণে সেই উদ্যোগও ব্যাহত হচ্ছে।

জাদুঘরের সামনে অর্ধেক বালুর মধ্যে ডুবিয়ে রাখা একটি নৌকা নদী মরে যাওয়ার প্রতীক হিসেবে স্থাপন করা হয়েছে। নৌকার বুকে বিঁধে থাকা দুটি গজাল নদীমাতৃক দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার প্রতীক। নদী রক্ষার এমন শক্তিশালী বার্তা বহনকারী প্রতিষ্ঠানটিকেই এখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করতে হচ্ছে। নদী ও পানির অস্তিত্ব রক্ষার বার্তা দিতে গিয়ে জাদুঘরটি নিজেই যেন অবহেলার শিকার।

এখানে শুধু নদীর পানির নমুনাই নয়, নদী, পরিবেশ, মুক্তিযুদ্ধ ও মানুষের জীবনযাত্রার সঙ্গে পানির সম্পর্ক তুলে ধরতে রয়েছে বিভিন্ন বই। অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের ‘People of Many Rivers’ বইয়ের দাম ৭০০ টাকা এবং কায়সার আহমেদের ‘মুক্তিযুদ্ধে নদী’ বইয়ের দাম ৪০০ টাকা। এসব সংগ্রহ ও জ্ঞানভিত্তিক উপকরণ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রয়োজন ব্যাপক প্রচারণা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ।

তবে সীমিত সামর্থ্যের মধ্যেও জাদুঘরটির রয়েছে কিছু ইতিবাচক সামাজিক উদ্যোগ। ২০২৪ সালের ডিসেম্বরে স্থাপিত পানির ট্যাংক থেকে স্থানীয় ৭-৮টি পরিবারের প্রায় ৩৫-৪০ জন মানুষ সুপেয় পানি সংগ্রহ করছেন। উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকটের মধ্যে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

অন্যদিকে, ৪৮৫ জন নারী-পুরুষকে নিয়ে গড়ে ওঠা উপকূলীয় জনকল্যাণ সংঘের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, ঝরে পড়া শিক্ষার্থীদের সহায়তা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমেও প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দেওয়ার উদ্যোগ রয়েছে। তবে এসব কার্যক্রম দীর্ঘমেয়াদে এগিয়ে নিতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও টেকসই অর্থায়ন।

জাদুঘর পরিদর্শনে স্থানীয় দর্শনার্থী ও শিক্ষার্থীদের প্রবেশমূল্য ২০ টাকা, জেলার বাইরের দর্শনার্থীদের ৫০ টাকা এবং বিদেশি দর্শনার্থীদের ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সাধারণত সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে। শীতকালে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়। তবে শুধু প্রবেশমূল্য ও সময়সূচি নির্ধারণ করলেই দর্শনার্থী বাড়ছে না। পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজন ব্যাপক প্রচারণা, উন্নত পরিবেশ, আকর্ষণীয় প্রদর্শনী এবং পর্যটনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ।

সংশ্লিষ্টদের মতে, পানি জাদুঘর শুধু একটি দর্শনীয় স্থান নয়; এটি নদী, পানি, পরিবেশ ও উপকূলীয় মানুষের জীবনসংগ্রামের গুরুত্বপূর্ণ দলিল। অথচ যথাযথ পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভাবে সম্ভাবনাময় প্রতিষ্ঠানটি ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে। এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে একসময় হয়তো ইতিহাসে জায়গা করে নেওয়া এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু নামেই টিকে থাকবে, হারিয়ে যাবে এর কার্যক্রম ও মূল উদ্দেশ্য।

নদী রক্ষার বার্তা দেওয়া একটি জাদুঘরকে যদি নিজের অস্তিত্ব রক্ষার জন্যই লড়াই করতে হয়, তাহলে তা শুধু একটি প্রতিষ্ঠানের সংকট নয়; বরং নদী, পানি ও পরিবেশ সংরক্ষণে আমাদের সামগ্রিক দায়িত্ববোধ এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগের ঘাটতিরও প্রতিফলন। প্রশ্ন হচ্ছে, ঐতিহ্য হারিয়ে যাওয়ার পরই কি সংশ্লিষ্টদের টনক নড়বে, নাকি সময় থাকতেই এ অনন্য পানি জাদুঘর রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে?
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম