ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বরিশালের রুপাতলী টেস্টি ট্রিট শোরুমে ১৪ পণ্যের বিএসটিআই সনদ নিয়ে অভিযোগ, তদন্তের আশ্বাস

সারাদেশ | ফয়সাল রাকিব, বরিশাল ব্যুরো প্রধান।

(২ ঘন্টা আগে) ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭:৫০ অপরাহ্ন

banglahour

 

বরিশাল নগরীর রুপাতলী এলাকায় অবস্থিত টেস্টি ট্রিট (Tasty Treat) শোরুমে বিক্রিত ১৪ ধরনের খাদ্যপণ্যের বিএসটিআই সনদ ও অনুমোদন যাচাইয়ের দাবি জানিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন এক গ্রাহক।

অভিযোগে বলা হয়েছে, রুপাতলী টেস্টি ট্রিট শোরুমে সরেজমিনে বিভিন্ন খাদ্যপণ্য পর্যবেক্ষণের সময় কয়েকটি পণ্যের মোড়কে বিএসটিআই অনুমোদন বা মানচিহ্ন দৃশ্যমান না থাকার বিষয়টি তাঁর নজরে আসে। এ কারণে পণ্যগুলোর সনদ, অনুমোদন এবং প্রযোজ্য মানসংক্রান্ত তথ্য যাচাইয়ের দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগের তালিকায় রয়েছে— টেস্টি ট্রিট আলু ভুজিয়া, সিসামি কুকিজ বিস্কুট, ক্যাশু নাট কুকিজ, কোকোনাট কুকিজ বিস্কুট, টেস্টি ট্রিট ক্রিম রোল, সোয়ান পাপড়ি, টেস্টি ট্রিট লাড্ডু বক্স, মিল্ক ক্রিম ডোনাট বান, ব্রেভার মল্ট বেভারেজ, ডাবল ডোজার এনার্জি ড্রিংক, অস্কার পিওর মল্ট বেভারেজ, ব্রো ক্রিসপি বার, সিক্সার্স চকলেট কোটেড বার এবং প্রাণ ম্যাংগো বার।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, এসব পণ্যের মধ্যে কোন কোনটির জন্য বিএসটিআই সনদ বাধ্যতামূলক, কোন পণ্যের প্রয়োজনীয় অনুমোদন রয়েছে এবং পণ্যের মোড়কে আইন অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উল্লেখ আছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

অভিযোগকারী আরও দাবি জানিয়েছেন, রুপাতলী টেস্টি ট্রিট শোরুমে সরেজমিনে অভিযান পরিচালনা করে পণ্যের মোড়ক, উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমদানিকারক, মেয়াদ, উপাদান ও বাজারজাতকরণের বৈধতা যাচাই করা হোক। তদন্তে কোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে অভিযোগকারী বলেন, “ভোক্তাদের নিরাপদ খাদ্য গ্রহণের অধিকার নিশ্চিত করা এবং বাজারে বিক্রিত খাদ্যপণ্যের মান ও বৈধতা যাচাই করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। জনস্বার্থে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

অন্যদিকে, অভিযোগের বিষয়ে টেস্টি ট্রিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিএসটিআই অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে, তবে এখনো অনুমোদন পাওয়া যায়নি। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদটি প্রকাশ না করার জন্যও অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস বলেন, “আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে পণ্যগুলোর বিএসটিআই সনদ ও অনুমোদনের প্রকৃত অবস্থা কী উঠে আসে, সেটিই দেখার বিষয়। জনস্বার্থে ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম