চাঁপাইনবাবগঞ্জে দোকান ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের পিটিআই মোড়ে শিবতলা থেকে আরামবাগ স্বপ্নপুরী মোড় এলাকার দোকান ব্যবসায়ী ও স্থানীয়রা এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে স্থানীয় দুইটি ওয়ার্ডের দুইজন ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, এলাকার বিভিন্ন দোকানে গিয়ে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ উঠেছে। এতে ব্যবসায়ীরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। চাঁদাবাজি, মাদকদ্রব্যের অপব্যবহারসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছেন।
বক্তারা আরও বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। কোনো অপরাধী যেন অপরাধ করে পার পেয়ে না যায়, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তারা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে যথাযথ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
