অর্থনীতি বিকাশের বড় অন্তরায় অস্থিতিশীলতা ও অস্থিরতা। অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার পাশাপাশি স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যতম পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার সকালে সিলেটের নাইওরপুলের হোটেল ফরচুন গার্ডেনে সামাজিক সম্প্রীতি, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী।
এ সময় সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের অসন্তোষের পেছনে কোনো যৌক্তিক কারণ ছিল না। সরকার ঘটনার পরপরই মজুরি বোর্ড গঠন করেছে। ডিসেম্বর থেকে নতুন মজুরি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার।
মন্ত্রী আরও বলেন, শ্রমিক অসন্তোষের পেছনে স্বাভাবিক কারণের বাইরে অন্য কোনো কার্যকারণ রয়েছে কি না, তা সংশ্লিষ্টরা খতিয়ে দেখবেন। এ ধরনের অসন্তোষের কারণে অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়লেও তা কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য এমএ মালিক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ছাড়াও বিভিন্ন পর্যায়ের ইমাম ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
